যুদ্ধের মধ্যে আহত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুদ্ধের মধ্যে আহত ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
নিউজ ডেস্ক
১১ মার্চ ২০২৬

চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে বর্তমানে তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার এক বার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনির আহত হওয়ার খবর পাওয়ার পর তিনি পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে তার খোঁজ নেন। তারা তাকে জানিয়েছেন, “আল্লাহর রহমতে তিনি এখন নিরাপদ এবং সুস্থ আছেন।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনেও বলা হয়েছে, যুদ্ধের সময় আহত হলেও বর্তমানে মোজতবা খামেনি নিরাপদ রয়েছেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়, চলমান সংঘাতের মধ্যে মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে কী ধরনের আঘাত পেয়েছেন বা তার শারীরিক অবস্থা কতটা গুরুতর— সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত রোববার ইরানের ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটের মাধ্যমে মোজতবা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। তিনি প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে নিজ বাসভবনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও প্রাণ হারান।

এরপর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আলোচনায় দেখা যাচ্ছিল।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি কখনও সরাসরি কোনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা ক্ষমতায় থাকার সময় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল বলে বিশ্লেষকদের ধারণা। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও বিভিন্ন সূত্রে জানা যায়।