লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এবং ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটে। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, সাওয়ানেহ শহরে চালানো এক হামলায় হিজবুল্লাহ ও তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন।
এর কিছুক্ষণ পর দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে আরেকটি হামলা চালানো হয়। এতে চিকিৎসক, প্যারামেডিক ও নার্সসহ অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষের দাবি, নিহতদের সঙ্গে কোনো সামরিক সম্পৃক্ততা ছিল না।
এদিকে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) দুই ইরাকি নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোন এলাকায় প্রবেশ করে সরাসরি মার্কিন দূতাবাসের সীমানার ভেতরে গিয়ে আঘাত হানে। হামলার পর দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
এছাড়া অন্য একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, দূতাবাসটিকে লক্ষ্য করে একটি ড্রোনও হামলা চালায়।
জানা গেছে, বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহত হওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। ঘটনাটিকে ওই হত্যাকাণ্ডের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


