ভারতে ইতেকাফ অবস্থায় মসজিদে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ

ভারতে ইতেকাফ অবস্থায় মসজিদে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
নিউজ ডেস্ক
১৪ মার্চ ২০২৬

ভারতের হরিয়ানা রাজ্যের পালওয়াল জেলায় একটি মসজিদে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় মসজিদের ভেতরে ইতিকাফে থাকা মুসল্লিরা অল্পের জন্য রক্ষা পান।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পালওয়ালের টিকরি ব্রাহ্মণ গ্রামে গত ১০ মার্চ দিবাগত রাত প্রায় ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি মসজিদের জানালা ভেঙে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

সেই সময় মসজিদের ইমাম জুবেরসহ আরও তিনজন—ইকবাল, হানিফ ও সোহেল—রমজানের ইতিকাফ পালন করছিলেন। ধোঁয়া ও তাপ অনুভব করে তারা ঘুম থেকে জেগে ওঠেন এবং চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ঘটনার পর ইমাম জুবেরের অভিযোগের ভিত্তিতে রামরূপসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পালওয়ালের পুলিশ সুপার বরুণ সিংলা জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে স্পেশাল ক্রাইম ইউনিট ও সাইবার সেলকে যুক্ত করা হয়েছে।

পুলিশের মুখপাত্র সঞ্জয় কুমার বলেন, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ঘটনার পর স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। গ্রামবাসীদের দাবি, গত কয়েক বছর ধরে এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা চলছে। তাদের অভিযোগ, এর আগেও বিভিন্ন সময় নানা অজুহাতে মুসলিমদের হয়রানির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে অতীতেও মসজিদে হামলা, জুমার নামাজে বাধা, মুসল্লিদের ওপর হামলা এবং গরুর মাংস বহনের অভিযোগে মুসলিমদের ওপর সহিংসতার মতো ঘটনার খবর প্রকাশিত হয়েছে।