ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার
নিউজ ডেস্ক
১৬ মার্চ ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইরান যুদ্ধ নিয়ে গুজব ও ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে একজন বাংলাদেশিসহ ৩৫ জনকে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ।

রোববার রাজধানী আবুধাবিসহ দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।

আমিরাতের অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামসের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরান যুদ্ধকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও কৃত্রিম ভিডিও কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। কয়েকদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিবৃতিতে বলা হয়, জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি এবং দেশের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এসব ভুয়া তথ্য ছড়ানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অ্যাটর্নি জেনারেল ড. হামাদ সাইফ আল শামস বলেন, অভিযুক্তরা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও ছড়িয়ে দিতেন।

তিনি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে গুজব ও ভুয়া তথ্য প্রচার করা শাস্তিযোগ্য অপরাধ। দেশটির আইনে এ অপরাধ প্রমাণিত হলে কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।