যুদ্ধ বন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছে তেহরান।
সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ‘প্রধান বিষয়গুলোতে ঐকমত্য’ হয়েছে। যদিও তিনি স্বীকার করেন, এখনো কোনো চুক্তির নিশ্চয়তা নেই।
ট্রাম্প আরও দাবি করেন, আলোচনার উদ্যোগ ইরানের পক্ষ থেকেই এসেছে। “তারা আমাদের ফোন করেছে, আমরা তাদের নয়,”—বলেন তিনি।
এদিকে, ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না।
ট্রাম্প জানান, তিনি ইসরায়েলি নেতাদের সঙ্গেও কথা বলেছেন এবং বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল সন্তুষ্ট থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বিষয়ে এ ধরনের পরস্পরবিরোধী অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা


