যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ
নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থার শহরে একটি তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সংঘটিত এই বিস্ফোরণের পরপরই আশপাশের এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় প্রশাসন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়।

বিস্ফোরণটি ঘটে মার্কিন জ্বালানি কোম্পানি ভালেরো-এর পরিচালিত শোধনাগারে। কর্তৃপক্ষ জানায়, ঘটনাটির পর শোধনাগারে কর্মরত সব শ্রমিকের খোঁজ পাওয়া গেছে এবং কেউ নিখোঁজ নন।

নগর কর্তৃপক্ষের জরুরি বিভাগ এক বিবৃতিতে জানায়, বিস্ফোরণের ঝুঁকি বিবেচনায় শোধনাগার সংলগ্ন এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে শোধনাগার এলাকা থেকে উঁচু অগ্নিশিখা ও ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত তীব্র এবং এর অভিঘাতে আশপাশের অনেক বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে।

উল্লেখ্য, সংশ্লিষ্ট শোধনাগারটি প্রতিদিন প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে এবং গ্যাসোলিন, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করে থাকে।

ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।