পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান

পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত লড়াই চলবে: ইরান
নিউজ ডেস্ক
২৪ মার্চ ২০২৬

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে “পূর্ণাঙ্গ বিজয়” অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ কথা জানান।

তিনি বলেন, ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তাদের বাহিনী “গর্বিত, দৃঢ় ও অটল” এবং লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তবে “পূর্ণাঙ্গ বিজয়” বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

সংঘাতের ২৫তম দিনেও দুই পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে। ইরানের দাবি, তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সাম্প্রতিক হামলায় দেশটির দুটি গ্যাস স্থাপনা এবং একটি পাইপলাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার পরিকল্পনায় পাঁচ দিনের বিরতির ঘোষণা দেন।

এদিকে যুক্তরাষ্ট্র দাবি করছে, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে তেহরান এই দাবি নাকচ করে বলেছে, যুদ্ধবিরতি বা সমঝোতা নিয়ে বর্তমানে কোনো আলোচনা চলছে না।

সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির সেনাপ্রধান অসীম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন। শিগগিরই ইসলামাবাদে সম্ভাব্য বৈঠকের আয়োজন হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র: আল জাজিরা, এএফপি