ইরান চুক্তি করতে আগ্রহী, তবে প্রকাশ করতে ভয় পাচ্ছে: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও তা প্রকাশ করতে ভয় পাচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহের নৈশভোজে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছে এবং একটি সমঝোতায় পৌঁছাতে চায়। তবে দেশটির কর্মকর্তারা বিষয়টি প্রকাশ্যে আনতে ভয় পাচ্ছেন। তাদের আশঙ্কা, এমন অবস্থান নিলে অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার মুখে পড়তে হতে পারে।
এর আগে হোয়াইট হাউজ জানিয়েছিল, ইরানের সঙ্গে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাব তেহরান তাৎক্ষণিকভাবে গ্রহণ না করলেও যোগাযোগ অব্যাহত রয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, আলোচনার অগ্রগতি ত্বরান্বিত করতে পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা চলছে, যেখানে যুদ্ধ বন্ধের সম্ভাব্য পথ নিয়ে আলোচনা হতে পারে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান হয়েছে। তবে তিনি এটিকে আনুষ্ঠানিক আলোচনা হিসেবে স্বীকার করেননি।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও এখনো কোনো চূড়ান্ত সমাধানের ইঙ্গিত পাওয়া যায়নি।


