হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ : আরাগচি
নিউজ ডেস্ক
২৬ মার্চ ২০২৬

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালি-তে বাংলাদেশসহ ছয়টি দেশের জাহাজে হামলা করা হবে না বলে জানিয়েছে ইরান।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।

তিনি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি; বরং জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিভিন্ন দেশ তাদের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে, যাদের মধ্যে কয়েকটিকে ‘মিত্র’ হিসেবে বিবেচনা করছে তেহরান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আরাগচির ভাষ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিদ্ধান্ত নিয়েছে— চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক, ভারত ও বাংলাদেশের বাণিজ্যিক জাহাজে কোনো হামলা করা হবে না। এসব দেশের জাহাজ যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালিতে নিরাপদে চলাচলের সুযোগ পাবে।

তবে এ সুবিধা পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। এর মধ্যে হরমুজ প্রণালিতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। বৈশ্বিক জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। সাম্প্রতিক উত্তেজনার কারণে এ রুটে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং বিভিন্ন দেশ চাপের মুখে পড়ছে।

এর আগে ইরান জানিয়েছিল, অবরোধ মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের লক্ষ্য করে আরোপ করা হয়েছে; মিত্র বা ‘অশত্রু’ দেশগুলোর জন্য এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

এদিকে ইরানি সংবাদমাধ্যম ফার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি জাহাজের কাছ থেকে টোল আদায়ের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরানের পার্লামেন্ট।

 

সূত্র : রয়টার্স