ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস
কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ড্রোন হামলার ঘটনায় রাডার সিস্টেম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
শনিবার সকালে সংঘটিত এ হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থানে একাধিক ড্রোন আঘাত হানে বলে এক বিবৃতিতে জানান কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি। তিনি বলেন, হামলার ফলে বিমানবন্দরের বিভিন্ন অংশে আগুন ধরে যায় এবং রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি।
রাডার সিস্টেম অকার্যকর হয়ে পড়ায় বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রেক্ষাপটে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। কুয়েতসহ বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
এর আগে একাধিকবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে।
সূত্র: সিনহুয়া


