আইআরজিসির ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু হামলার দাবি ইসরায়েলের
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ভূগর্ভস্থ ঘাঁটিতে অতর্কিত হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার (১ এপ্রিল) চালানো এই হামলার বিষয়েইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইরানের রাজধানী তেহরান-এ আইআরজিসির বিভিন্ন সামরিক স্থাপনায় সিরিজ আক্রমণ পরিচালনা করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
আইডিএফের দাবি অনুযায়ী, হামলায় আইআরজিসির ভূগর্ভস্থ ঘাঁটির পাশাপাশি একটি মোবাইল সদরদপ্তর লক্ষ্যবস্তু করা হয়, যেখানে ইরানি কমান্ডাররা অবস্থান করছিলেন।
এছাড়া ইরানের তাবরিজ শহরে অবস্থিত ক্ষেপণাস্ত্র ভাণ্ডারেও হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
ইসরায়েলি বাহিনী জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত আইআরজিসির শত শত লক্ষ্যবস্তু ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা বৃহস্পতিবার (২ এপ্রিল) পর্যন্ত টানা ৩৪ দিনে গড়িয়েছে। এখনো পর্যন্ত এই সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন।


