ইরানে নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স

ইরানে নিখোঁজ ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স
নিউজ ডেস্ক
৫ এপ্রিল ২০২৬

ইরানে তীব্র সংঘর্ষের পর বিধ্বস্ত একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে নিখোঁজ অন্যান্য সদস্যদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানানো হয়।

মার্কিন এক কর্মকর্তা জানান, ‘প্রচণ্ড গোলাগুলির’ পর বিমানটির দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাকে এখনও পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না, কারণ উদ্ধারকারী দলকে ইরানের ভেতর থেকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একইসঙ্গে তিনি জানান, ভূপাতিত বিমানের অন্য নিখোঁজ ক্রু সদস্যদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, ইরানের ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ ভিন্ন দাবি করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি ভূপাতিত হলেও পাইলট নিরাপদে বের হয়ে গেছেন এবং তাকে উদ্ধারে মার্কিন বিশেষ বাহিনী অভিযান চালাচ্ছে।

ইরানি সূত্রের অভিযোগ, পাইলটকে উদ্ধারে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করছে। সম্ভাব্য অবস্থান সন্দেহে কোহগিলুয়েহ ও বয়ের-আহমাদ প্রদেশের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

এক সাক্ষাৎকারে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কয়েকদিন আগে ইরানি বাহিনী একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার পর পাইলটকে উদ্ধার করতে না পেরে এখন তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালানো হচ্ছে।

এছাড়া আরও একজন নিখোঁজ ফ্লাইট ক্রু সদস্যকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ করেছে ইরানি পক্ষ। তাদের দাবি, ওই সদস্যকে খুঁজে না পেয়ে সম্ভাব্য অবস্থানগুলোতে হামলা চালানো হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের তথ্য পরস্পরবিরোধী হওয়ায় ঘটনাটির সঠিক চিত্র এখনও স্পষ্ট নয়।