নিখোঁজ পাইলট উদ্ধারে যাওয়া আরেক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করল ইরান
ইরানে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী আইআরজিসি জানিয়েছে, নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযানে অংশ নেওয়া একটি বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়, ঘটনাটি ঘটেছে ইসফাহানের দক্ষিণাঞ্চলে। সেখানে নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধানে অভিযানে নিয়োজিত ছিল বিমানটি।
সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি প্রকাশ করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়। ওই পোস্টে ঘটনাটিকে ‘একটি বড় পরাজয় ধামাচাপা দেওয়ার চেষ্টা’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে ইঙ্গিত করা হয়েছে।
এমন সময় এই দাবি সামনে এলো, যখন ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।
তবে ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত যুদ্ধবিমানের সুনির্দিষ্ট মডেল তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
এর আগে, গত ৩ এপ্রিল নিখোঁজ পাইলটদের উদ্ধারে অংশ নিতে গিয়ে আইআরজিসির হামলায় একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বলে দাবি করা হয়। একই ঘটনায় দুটি ব্ল্যাকহক হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী দাবির কারণে ঘটনাগুলোর প্রকৃত চিত্র এখনও অস্পষ্ট রয়ে গেছে।
সূত্র: আল জাজিরা


