যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, চলছে আলোচনা

যুদ্ধবিরতির পথে ইরান-যুক্তরাষ্ট্র, চলছে আলোচনা
নিউজ ডেস্ক
৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরান–এর মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে ৪৫ দিনের একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। আলোচনায় মধ্যপ্রাচ্যের একাধিক মধ্যস্থতাকারী দেশও যুক্ত রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি কার্যকর হলে চলমান সংঘাত চূড়ান্তভাবে বন্ধ হওয়ার পথ তৈরি হতে পারে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যস্থতাকারী দেশগুলোর অন্তত চারজন কর্মকর্তা এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

তবে সূত্রগুলো জানায়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কোনো আংশিক সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা খুবই কম। তারপরও এটিকেই যুদ্ধ থামানোর শেষ কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। এই উদ্যোগ ব্যর্থ হলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক অবকাঠামোতে বড় ধরনের হামলা চালাতে পারে। পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানির স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া ১০ দিনের সময়সীমা শেষ হওয়ার কথা ছিল সোমবার (৬ এপ্রিল)। তবে তিনি তা আরও ২০ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত নির্ধারণ করেন।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, নির্ধারিত সময়সীমার আগেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে তা না হলে তিনি ইরানের “সবকিছু ধ্বংস” করে দেওয়ার হুমকিও দেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পরিকল্পনাও প্রস্তুত রয়েছে। তবে সময়সীমা বাড়ানো হয়েছে আলোচনার জন্য শেষ সুযোগ দেওয়ার উদ্দেশ্যে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, পাকিস্তান, মিশর এবং তুরস্ক মধ্যস্থতায় আলোচনা চলছে। এছাড়া মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি–এর মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদানও হচ্ছে।

সূত্রগুলো আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে একাধিক প্রস্তাব দিলেও এখন পর্যন্ত তা গ্রহণ করা হয়নি।

সূত্র: অ্যাক্সিওস