ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে ইরান
মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য সংলাপে অংশ নিতে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করেছে ইরান। সে অনুযায়ী আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশের প্রতিনিধিদল।
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান শক্ত করার পরই তারা আলোচনায় বসতে সম্মত হয়েছে। তবে এই সংলাপকে চূড়ান্ত যুদ্ধবিরতির ইঙ্গিত হিসেবে না দেখার কথাও স্পষ্ট করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রস্তাবিত যুদ্ধবিরতির স্থায়িত্ব নির্ভর করবে ইরানের উত্থাপিত শর্তগুলো কতটা পূরণ হচ্ছে তার ওপর। এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক দফায় শান্তি প্রস্তাব দেওয়া হলেও তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য ছিল।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সমঝোতার অংশ হিসেবে দুই সপ্তাহের একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় দেশ। এই সময়ের মধ্যেই স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
পাকিস্তান এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। দেশটির প্রধানমন্ত্রী দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানানোর পর ইসলামাবাদকে সংলাপের স্থান হিসেবে নির্ধারণ করা হয়।
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যে এই সংলাপ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ। তবে স্থায়ী সমাধানে পৌঁছাতে হলে উভয় পক্ষকেই সমঝোতার পথে এগোতে হবে এবং পারস্পরিক আস্থা গড়ে তুলতে হবে।


