হরমুজ প্রণালি খুলল ইরান, জাহাজ চলাচল স্বাভাবিক
যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধবিরতির পর গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হয়েছে। বুধবার দুই দেশের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রথম দুটি জাহাজ প্রণালির মাধ্যমে চলাচল করেছে।
বার্তাসংস্থা এএফপি জানায়, প্রথম দুটি জাহাজের মধ্যে একটি গ্রিসের পতাকাবাহী ‘এনজে আর্থ’ এবং অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী ‘ডেটোনা বিচ’। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘এনজে আর্থ’ আন্তর্জাতিক মান সময় সকাল ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করে, আর ‘ডেটোনা বিচ’ সকাল ৬টা ৫৯ মিনিটে হরমুজ পার হয়।
ইরান উল্লেখ করেছে, হরমুজ দিয়ে চলাচল স্বাভাবিক হলেও এ মুহূর্তে জাহাজগুলোকে টোল দিতে হবে। প্রাথমিকভাবে ওমানও টোল নেওয়ার কথা জানিয়েছিল, তবে পরে দেশটি জানিয়েছে তারা কোনো টোল আদায় করবে না। যুদ্ধের আগে হরমুজ আন্তর্জাতিক জলসীমা হিসেবে বিবেচিত হতো এবং কোনো দেশ জাহাজ থেকে অর্থ নিতো না।
তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল। যুদ্ধবিরতির পর পুনরায় এটি খোলা হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচলে তা ইতিবাচক প্রভাব ফেলবে।
সূত্র : এএফপি


