গৃহযুদ্ধের মুখে ইসরায়েল? নতুন জরিপে উদ্বেগজনক ইঙ্গিত
রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন এবং সরকারের নীতিকে ঘিরে তীব্র মতপার্থক্যের কারণে ইসরায়েল গৃহযুদ্ধের ঝুঁকির মুখে রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির অধিকাংশ নাগরিক। সাম্প্রতিক এক জরিপে ৬০ শতাংশ ইসরায়েলি মনে করেন, দেশটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, জিউইশ পিপল পলিসি ইনস্টিটিউটের পরিচালিত জরিপে অংশ নেওয়া ৭৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, ২০২৫ সালে ইসরায়েলের সামাজিক পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হয়েছে। একই সঙ্গে ৪৯ শতাংশ নাগরিক দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে। অংশগ্রহণকারীদের ৫২ শতাংশের ধারণা, প্রধানমন্ত্রীসহ শীর্ষ রাজনৈতিক নেতারা গুপ্তহত্যার ঝুঁকিতে রয়েছেন।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এর আগে ইসরায়েলের সাবেক প্রধান বিচারপতি আহরন বারাকও সতর্ক করে বলেছিলেন, ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধ দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।
এদিকে অর্থনৈতিক সংকট ও বাজেট ঘাটতির কারণে প্রতিরক্ষা ব্যয় কমানোর সিদ্ধান্ত এবং ইরানকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা দেশটির অভ্যন্তরীণ বিভাজন আরও গভীর করেছে। বিশ্লেষকদের মতে, জাতীয় ঐক্য পুনর্গঠনে সরকার ব্যর্থ হলে সংকট আরও তীব্র হতে পারে।
এ ছাড়া বিচার বিভাগীয় সংস্কারের মাধ্যমে আদালতের ক্ষমতা সীমিত করায় গণতান্ত্রিক ভারসাম্য দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। আইন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের মতে, এ পরিস্থিতি ইসরায়েলকে নজিরবিহীন সাংবিধানিক সংকটের দিকে নিয়ে যেতে পারে।
বিশ্লেষকদের ভাষ্য, ইসরায়েলি সমাজ বর্তমানে গভীরভাবে বিভক্ত ও মেরুকৃত। এই বিভাজন দূর করতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন, অন্যথায় যেকোনো অদূরদর্শী সিদ্ধান্ত দেশকে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।

