ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিসর কোচ হোসাম
ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ফুটবলের পাশাপাশি গাজা উপত্যকার মানবিক সংকট নিয়েও আবেগঘন বক্তব্য দিয়েছেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। তিনি বলেন, পৃথিবীতে যদি কেউ ফিলিস্তিনিদের কষ্ট অনুভব না করে, তবে সে প্রকৃত অর্থে মানুষ নয়—সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান যেই হোক না কেন।
অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে ঐতিহাসিক জয় পাওয়ার পর সেই সাফল্য ফিলিস্তিনিদের উৎসর্গ করেন হাসান। মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি একজন মানুষের স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া।

হাসান বলেন, বিশ্বের কোথাও কোনো প্রাণীর ওপর নির্যাতন হলে সবাই প্রতিবাদ করে। অথচ হাজার হাজার নিরীহ মানুষের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হওয়ার ঘটনা যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। ধর্ম বা জাতিগত পরিচয়ের আগে মানুষ হিসেবে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
তিনি আরও বলেন, “আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা হলো—ফিফা যেমন পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সমানভাবে সম্মান করা উচিত।”
২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে বিপুলসংখ্যক শিশু রয়েছে এবং বাস্তুচ্যুত লাখো মানুষ চরম মানবিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকেও নিয়ে কথা বলেন হোসাম হাসান। তিনি বলেন, মিসরের স্বপ্নের কোনো সীমা নেই এবং দলটি নিজেদের ছোট মনে করে না। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসিকে সম্মান করলেও তাদের ভয় পান না বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মিসর শুধু নিজেদের নয়, পুরো আরব বিশ্ব ও আফ্রিকার প্রতিনিধিত্ব করছে। আর্জেন্টিনাকে হারাতে পারলে দেশটি ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে।

