স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের
নিউজ ডেস্ক
৮ জুলাই ২০২৬

ইরানকে ঘিরে সৃষ্ট উত্তেজনার জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো শীর্ষ সম্মেলনে দেওয়া এ ঘোষণায় নতুন করে ওয়াশিংটন-মাদ্রিদ সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে ট্রাম্প জানান, তিনি অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ন্যাটো জোটে স্পেনকে ‘ভয়ানক অংশীদার’ বলেও মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের পেছনে রয়েছে চলতি বছরের মার্চে নেওয়া স্পেনের একটি সিদ্ধান্ত। সে সময় ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি স্পেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ রাখে দেশটি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ন্যাটো সম্মেলনে ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া সমঝোতা নিয়েও মন্তব্য করেন। তার ভাষ্য, তেহরানের সঙ্গে করা সমঝোতা কার্যত আর কার্যকর নেই।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে ইরানের অন্তত ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এসব হামলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়।

সেন্টকম আরও দাবি করেছে, আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলার সক্ষমতা কমিয়ে আনতে হরমুজ প্রণালির আশপাশে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ৬০টিরও বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে।

মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে জাহাজে হামলার অভিযোগ নিয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, কেশম দ্বীপে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া হরমুজ প্রণালির খার্গ দ্বীপেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।