‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’

‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’
২১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনায় সরাসরি সম্পৃক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইসরাইল। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইসরাইল এই সংঘাতে স্বতঃপ্রণোদিত হয়ে অংশ নিতে আগ্রহী নয়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক সম্মেলনে স্মোটরিচ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বর্তমান সীমিত সংঘাতের পরিস্থিতি ইসরাইলের জন্য সবচেয়ে উপযুক্ত। তাই এই বিরোধে নতুন করে নিজেদের জড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন দেখছে না তার দেশ।

ইসরাইলের দৈনিক হারেৎজ-এর প্রতিবেদনে স্মোটরিচের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সীমিত দ্বন্দ্বের বর্তমান পরিস্থিতিই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত। আমরা আগ বাড়িয়ে এই সংঘাতের অংশ হতে চাই না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিবেদনে আরও বলা হয়, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলাকালে ওয়াশিংটনের অনুরোধে ইসরাইল সংঘাত থেকে দূরে ছিল। যদিও গত মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছিল, তা দীর্ঘস্থায়ী হয়নি।

পরবর্তীতে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা শুরু হলেও ইসরাইল এখন পর্যন্ত আগের অবস্থান বজায় রেখেছে এবং সংঘাতে সরাসরি জড়ানোর ইচ্ছা প্রকাশ করেনি।