ভারতের আসামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৪১
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের মৃত্যু হওয়ায় রাজ্যটিতে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন প্রাণহানার ঘটনাগুলো পাঁচটি পৃথক জেলায় ঘটেছে। একই সঙ্গে এখনো তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
তিনি বলেন, চলমান বন্যায় এ পর্যন্ত সাত লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যার কারণে এমন কিছু জেলাও ক্ষতির মুখে পড়েছে, যেখানে অতীতে এ ধরনের দুর্যোগের নজির ছিল না।
পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রতিটি দুর্গত পরিবারের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সব বিভাগকে সার্বক্ষণিক মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।


