যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রায় ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় অনুমোদনের একটি বিল অল্প ব্যবধানে পাস করেছে। ২০২৭ সালের ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ)-এর আওতায় প্রস্তাবিত এই বিলে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থায় আরও ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় কংগ্রেসে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটি ২১৬-২১২ ভোটে অনুমোদন পায়। অধিকাংশ আইনপ্রণেতা দলীয় অবস্থান অনুসারে ভোট দিলেও ছয়জন ডেমোক্র্যাট বিলটির পক্ষে এবং সাতজন রিপাবলিকান এর বিপক্ষে ভোট দেন।
ইরান-সংক্রান্ত মার্কিন নীতির সমালোচক রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি ভোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, বিলটির ২১৯ নম্বর ধারা যুক্তরাষ্ট্রের সামরিক প্রযুক্তি ও সরবরাহ ব্যবস্থা ইসরায়েলের সঙ্গে আরও একীভূত করার পথ তৈরি করবে, যা তিনি যুক্তরাষ্ট্রের সার্বভৌম স্বার্থের পরিপন্থি বলে মনে করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিলটি সিনেটে অনুমোদন পাবে না।
প্রস্তাবিত ২০২৭ সালের এনডিএএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির পরিকল্পনার প্রতিফলন। প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, প্রতিরক্ষা বাজেট গত বছরের ৯০০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় অতিরিক্ত প্রতিরক্ষা ব্যয় প্রয়োজন। তবে সমালোচকদের মতে, এত বড় বাজেট বৃদ্ধি এবং ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি আরও বিস্তৃত রাজনৈতিক ও জনপর্যায়ের আলোচনার দাবি রাখে।


