দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে বাংলাদেশিদের মালিকানাধীন একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় নিহতরা দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।
প্রাথমিক তথ্যে জানা যায়, নিহতরা সবাই নারায়ণগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এলাকার এবং বাকিরা বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করে।
এদিকে, নিহত ও আহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় প্রশাসন নিহতদের পরিচয় নিশ্চিত করা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নে কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


