একদিনেই তেলের দাম কমেছে ২ শতাংশের বেশি
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। নতুন করে বড় ধরনের হামলা না হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নিম্নমুখী হয়েছে।
মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৪ দশমিক ০৩ ডলারে নেমে এসেছে। তবে চলতি বছরের শুরুর দিকে সংঘাত শুরুর আগে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ছিল প্রায় ৭২ ডলার।
একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮১ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে।
জ্বালানি বাজারের পাশাপাশি বৈদেশিক মুদ্রা বাজারেও কিছুটা পরিবর্তন দেখা গেছে। মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের দর কমে এক ডলারের বিনিময় মূল্য দাঁড়িয়েছে ১৬৩ দশমিক ৮২ ইয়েন। একই সঙ্গে ইউরোর মূল্যও কিছুটা দুর্বল হয়েছে।
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে, মধ্যস্থতাকারীদের উদ্যোগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংলাপ শুরু করার বিষয়ে অগ্রগতি হয়েছে। কয়েকদিন ধরে উভয় পক্ষ বড় ধরনের সামরিক হামলা থেকে বিরত থাকায় কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও জোরালো হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও কমে এলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে মূল্যস্থিতি ফিরে আসতে পারে। তবে পরিস্থিতির যেকোনো পরিবর্তন আবারও তেলের দামে অস্থিরতা সৃষ্টি করতে পারে।


