মসজিদ-ইসলামি কেন্দ্রে হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রে, ঊর্ধ্বগতি ৫১ শতাংশ

মসজিদ-ইসলামি কেন্দ্রে হামলা বাড়ছে যুক্তরাষ্ট্রে, ঊর্ধ্বগতি ৫১ শতাংশ
২৯ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে মসজিদ ও মুসলিমদের উপাসনালয়কে লক্ষ্য করে হামলা, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত বছরের জানুয়ারি থেকে জুলাইয়ের তুলনায় চলতি বছরের একই সময়ে এ ধরনের ঘটনা ৫১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মার্কিন মুসলিম অধিকারবিষয়ক সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার)।

মঙ্গলবার প্রকাশিত কেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মে, জুন ও জুলাই—এই তিন মাসে মসজিদকেন্দ্রিক হামলা ও ভাঙচুরের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় ১৮৩ শতাংশ বেশি।

প্রতিবেদনে মসজিদে ভাঙচুরের পাশাপাশি সহিংস হামলা, অগ্নিসংযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং নতুন মসজিদ নির্মাণে বাধা দেওয়ার ঘটনাগুলোকেও একই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কেয়ারের গবেষণা ও অ্যাডভোকেসি বিভাগের পরিচালক কোরি সেইলর বলেন, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে ইসলামভীতি ও মুসলিমবিদ্বেষের বিভিন্ন প্রকাশ অনেক ক্ষেত্রে সামাজিক গ্রহণযোগ্যতা পেয়েছে।

তিনি বলেন, মসজিদের পাশাপাশি অন্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়েও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে মুসলিমদের উপাসনালয়কে লক্ষ্য করে হামলা ও বিদ্বেষমূলক কর্মকাণ্ডের হার তুলনামূলকভাবে বেশি।

ইসলামভীতি ও ঘৃণাজনিত ঘটনা প্রতিরোধে স্থানীয় কমিউনিটি নেতাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান কোরি সেইলর।

মুসলিমবিদ্বেষ বা ইসলামভীতিসংক্রান্ত কোনো বড় ঘটনা ঘটলে কেয়ার সাধারণত পরবর্তী তিন মাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এ সময় উত্তেজনা ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড বাড়ছে কি না, তা বিশ্লেষণ করা হয়।

প্রতিবেদনে গত ১৮ মে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর একটি ইসলামিক সেন্টারে হামলার ঘটনাও উল্লেখ করা হয়েছে। কেয়ারের তথ্য অনুযায়ী, একদল শ্বেতাঙ্গ কট্টরপন্থির হামলার সময় শিশুদের রক্ষা করতে গিয়ে আমিন আবদুল্লাহ, মনসুর কাজিহা ও নাদির আওয়াদ নামে তিন ব্যক্তি নিহত হন।

কেয়ারের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, সংস্থাটির নথি অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইসলাম ও মুসলিমবিদ্বেষসংক্রান্ত ৩৩টি ঘটনা রেকর্ড করা হয়েছিল। আর চলতি বছরের মে থেকে জুলাই—মাত্র তিন মাসেই এ ধরনের ১৭টি ঘটনার তথ্য পাওয়া গেছে।

মুসলিম অধিকারকর্মীরা বলছেন, মসজিদ ও মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে বাড়তে থাকা হামলা ও বিদ্বেষমূলক কর্মকাণ্ড মোকাবিলায় কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও আন্তধর্মীয় সম্প্রীতি জোরদার করা জরুরি।