জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
৫ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।

বুধবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন ও দেশটির প্রভাবশালী নেতা কিম ইয়ো জং এ হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, জাপান ধীরে ধীরে প্রতিরক্ষামূলক সামরিক নীতি থেকে সরে এসে আগাম হামলা চালানোর সক্ষমতা অর্জনের পথে এগোচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

কিম ইয়ো জং বলেন, প্রশান্ত মহাসাগরে জাপানের এইজিস ডেস্ট্রয়ার ‘চোকাই’ থেকে টমাহক ক্ষেপণাস্ত্রের সাম্প্রতিক পরীক্ষামূলক উৎক্ষেপণ, বিভিন্ন ক্ষেপণাস্ত্র মহড়া এবং গত মে মাসে ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ায় জাপানের অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জাপানের সামরিক তৎপরতার জবাব এমনভাবে দেওয়া হবে, যাতে দেশটি বুঝতে পারে—তাদের এসব পদক্ষেপ নিজেদের নিরাপত্তাকেই আরও বড় ঝুঁকির মুখে ফেলছে।

কিম ইয়ো জং বলেন, ‘আমরা তাদের অনুতপ্ত হতে বাধ্য করব।’

যুক্তরাষ্ট্রের ভূমিকারও কঠোর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ, যুদ্ধজাহাজে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সহায়তার মাধ্যমে ওয়াশিংটন জাপানের সামরিক সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে।

তার দাবি, জাপানের সামরিক শক্তি বৃদ্ধির পেছনে যুক্তরাষ্ট্রই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

উত্তর কোরিয়ার এই হুঁশিয়ারির ফলে পূর্ব এশিয়ায় নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।