রোমে আলোচনা চললেও লেবাননে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: প্রতিবেদন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও দক্ষিণ লেবাননে নতুন সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, ইতালির রাজধানী রোমে চলমান পরোক্ষ আলোচনার মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে আরও কঠোর পদক্ষেপের পরিকল্পনা করছে। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের দাবি, হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক প্রতিক্রিয়া এখনো শেষ হয়নি এবং নতুন কয়েকটি অভিযান নিয়ে আলোচনা চলছে।
এর আগে বুধবার দক্ষিণ লেবাননের মাজদাল জাউন এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এতে কয়েকজন সেনা হতাহত হয়েছেন। গুরুতর আহত চার সেনাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
অন্যদিকে, লেবাননের সরকারি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের তেবনিন শহরে ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর সরিয়ে নেওয়ার সতর্কতার পর মানসুরি এলাকার বহু বাসিন্দা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে এলাকা ছেড়ে গেছেন।
রোমে ইসরায়েল ও লেবাননের মধ্যে পরোক্ষ আলোচনার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের বৈঠক চলছে। এর আগে যুক্তরাষ্ট্রের উদ্যোগে ওয়াশিংটনে উভয় পক্ষের মধ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪ হাজার ৩৩৩ জন নিহত এবং ১২ হাজার ২৫০ জন আহত হয়েছেন।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩ জানিয়েছে, দক্ষিণ লেবাননের পরিস্থিতি বিবেচনায় রেখে সেনাবাহিনী নতুন সামরিক কৌশল ও অভিযান পরিকল্পনা করছে। অপরদিকে চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে আরও জোরালো সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য সেনাবাহিনী সরকারের কাছে অনুমোদন চেয়েছে।


