রণতরিতে মার্কিন নৌ সেনাদের মধ্যে সংঘর্ষে নিহত ৭, দাবি ইরানি মিডিয়ার
ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসদস্যদের মধ্যে সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদমাধ্যমগুলো। ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে রণতরিটিতে মোতায়েন থাকা নৌসদস্যদের মধ্যে অসন্তোষ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘদিন সমুদ্রে অবস্থান এবং টানা মোতায়েন নিয়ে নৌসদস্যদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে দাবি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নৌসদস্যদের অভিযোগ শুনতে ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরিতে যান। সেখানে ক্ষুব্ধ নৌসদস্যরা তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেন এবং পানির বোতল ছুড়ে মারেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এরপর নৌসদস্যদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহৃত হয়েছে বলে জানানো হয়েছে। তাসনিম নিউজের এক সামরিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, সংঘর্ষে সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর রণতরিটির ভেতরে উত্তেজনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। রণতরিটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে এবং এর মধ্যে ২০৮ দিন একটানা সমুদ্রে অবস্থান করেছে বলে দাবি করা হয়েছে।
তবে নৌসদস্যদের সংঘর্ষে সাতজন নিহত হওয়ার খবরটি এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


