যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জেলেনস্কির

যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জেলেনস্কির
১২ আগস্ট ২০২৬

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের নতুন প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনের পক্ষ থেকে প্রস্তাবগুলো ইতোমধ্যে মার্কিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। যুদ্ধ বন্ধের প্রস্তুতি নিতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পঞ্চম বছরে প্রবেশের প্রেক্ষাপটে মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা স্থবির থাকার মধ্যেই ইউক্রেনের নতুন প্রস্তাবের কথা সামনে এলো।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন তিন দফা শান্তি আলোচনায় অংশ নেয়। তবে ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের মনোযোগ ওই অঞ্চলের দিকে সরে যায়। এর পর থেকেই শান্তি আলোচনা কার্যত থমকে রয়েছে।

এদিকে ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জেলেনস্কি দাবি করেছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের পর রাশিয়া বড় পরিসরে নতুন সেনা নিয়োগের পরিকল্পনা করছে। তার দাবি, চলতি বছরের শেষ নাগাদ কয়েক লাখ এবং আগামী বছর আরও সমসংখ্যক সেনাকে দ্রুত যুদ্ধে পাঠানোর পরিকল্পনা রয়েছে। এসব সেনা নিয়মিত চুক্তিভিত্তিক নিয়োগের বাইরে অতিরিক্ত হিসেবে যুক্ত হবে বলেও দাবি করেন তিনি।

তবে মস্কো এ ধরনের সেনা সমাবেশের পরিকল্পনার কথা অস্বীকার করেছে। এর আগে মার্চে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছিলেন, নতুন করে সেনা সমাবেশের কোনো পরিকল্পনা সরকারের আলোচনায় নেই।

গত মাসেও রাশিয়ার নিরাপত্তা পরিষদের সহসভাপতি দিমিত্রি মেদভেদেভ নতুন করে সেনা নিয়োগের প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। তিনি এ ধরনের খবরকে অপপ্রচার ও ভিত্তিহীন দাবি হিসেবে আখ্যায়িত করেন।

এর আগে ২০২২ সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সামরিক মোতায়েনের অনুমোদন দিলে প্রায় ৩ লাখ সেনা রুশ সামরিক বাহিনীতে যুক্ত হয়েছিল। তবে নতুন করে একই ধরনের সেনা সমাবেশের পরিকল্পনা রয়েছে—ইউক্রেনের এই দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনো কোনো পরিবর্তিত অবস্থান জানানো হয়নি।