ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
২১ আগস্ট ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফর ঘিরে ভারতের রাষ্ট্রপতি ভবনের একটি বিজ্ঞপ্তি প্রকাশের পর তা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনে নির্ধারিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান বাতিল থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই ওই বিজ্ঞপ্তি সরিয়ে নেয় ভারতীয় রাষ্ট্রপতি ভবন। বিকেল ৩টার দিকে নতুন করে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘এই শনিবার কোনো চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান থাকছে না’ শিরোনামে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।

তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে এখনো বাংলাদেশ বা ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। ফলে রাষ্ট্রপতি ভবনের প্রথম বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অভ্যর্থনার মহড়ার বিষয়টি উল্লেখ করা হলেও সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হয়নি।

ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর প্রচলন রয়েছে। এ ধরনের আয়োজনে ফোরকোর্টে তিন বাহিনীর সমন্বয়ে গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সফররত নেতার আনুষ্ঠানিক পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

সাধারণত মূল অভ্যর্থনা অনুষ্ঠানের আগে এর পূর্ণাঙ্গ মহড়াও আয়োজন করা হয়। পাশাপাশি রাষ্ট্রীয় সফরে আসা শীর্ষ নেতার সম্মানে ভারতের রাষ্ট্রপতি ভবনে নৈশভোজের আয়োজনেরও প্রচলন রয়েছে।

রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি দ্রুত প্রত্যাহার করে নেওয়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।