বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর ও সম্প্রসারণ করতে ইরান প্রস্তুত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর ও সম্প্রসারণ করতে ইরান প্রস্তুত
২২ আগস্ট ২০২৬

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করতে ইরান আগ্রহী বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বার্তায় এ আগ্রহের কথা জানান তিনি।

শুক্রবার (২১ আগস্ট) পাঠানো অভিনন্দনবার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির প্রতি আইনপ্রণেতাদের আস্থা দেশটির স্থিতিশীলতা, কল্যাণ ও অগ্রগতির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, পেজেশকিয়ান মির্জা ফখরুলের গণতন্ত্র শক্তিশালী করার অঙ্গীকার, দূরদর্শিতা ও অর্জনের প্রশংসা করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বার্তায় ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহের কথাও জানানো হয়েছে।

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির দায়িত্ব পালনে সাফল্য কামনা করে পেজেশকিয়ান বাংলাদেশের জনগণের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়ান।