মার্কিন অর্থনৈতিক চাপের পাশে দাঁড়ালে হামলার হুমকি ইরানের

মার্কিন অর্থনৈতিক চাপের পাশে দাঁড়ালে হামলার হুমকি ইরানের
২৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা কার্যক্রমে কোনো দেশ যোগ দিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই এ সতর্কবার্তা দিয়েছেন।

রোববার (২৩ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যারা অংশ নেবে, তাদের স্বার্থও ইরানের পাল্টা পদক্ষেপের আওতায় আসতে পারে। প্রথমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে তাদের যুক্তরাষ্ট্রের চাপ থেকে সরে আসার আহ্বান জানানো হবে। তারা অবস্থান পরিবর্তন না করলে ইরান ‘আঘাত’ করবে বলে সতর্ক করেন তিনি।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানিয়েছেন, ইরানের সঙ্গে ব্যবসা বা সহযোগিতা করা দেশগুলোকে কঠিন অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন নিষেধাজ্ঞার হুমকি প্রত্যাখ্যান করে একে যুক্তরাষ্ট্রের ‘হতাশার’ বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছেন। তেহরানের দাবি, সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে ইরানকে নত করা সম্ভব হবে না।

ইরানের এই হুঁশিয়ারির মধ্যে উপসাগরীয় দেশগুলোও চাপে পড়েছে। বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হলেও ইরানের সঙ্গে তাদের ভৌগোলিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে ওয়াশিংটনের নতুন অর্থনৈতিক উদ্যোগে তারা কতটা যুক্ত হবে, তা এখনো স্পষ্ট নয়।

অন্যদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে উদ্বেগ বাড়ছে। ফলে যুক্তরাষ্ট্র-ইরানের অর্থনৈতিক সংঘাত আরও বিস্তৃত হলে এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও পড়তে পারে।