আলজেরিয়ায় দাবানলের ভয়াবহ তাণ্ডব, প্রাণ গেল ১২ জনের
আলজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫৪ জন আহত হয়েছেন। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে ক্ষতিগ্রস্ত এলাকার কয়েক ডজন পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ এ তথ্য জানান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি ওজু প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে।
বেজাইয়া প্রদেশের একটি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ৫৪ জন দগ্ধ ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
শতাধিক অগ্নিকাণ্ড
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার দেশটির সিভিল প্রোটেকশন দলগুলো মোট ১৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে শুধু বেজাইয়া প্রদেশেই ৩৬টি আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্কিকদা, এল তারফ, বুইরা, তিজি ওজু এবং তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে বেজাইয়ার ১৮টি এলাকায় এখনো আগুন জ্বলছে। জিজেল প্রদেশের ১২টি পৌরসভায়ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা।
নিরাপদ স্থানে সরানো হয়েছে পরিবারগুলোকে
দাবানল থেকে বাসিন্দাদের রক্ষা করতে বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দাদের একটি পোস্ট অফিসে আশ্রয় নিতে দেখা গেছে।
এদিকে আলজেরিয়া ও প্রতিবেশী তিউনিসিয়ায় বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে এ অঞ্চলে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে।
আলজেরিয়ায় প্রতি বছর গ্রীষ্মকালে বড় ধরনের দাবানল দেখা যায়। সাম্প্রতিক বছরগুলোতে তীব্র তাপমাত্রা, দীর্ঘস্থায়ী খরা এবং শক্তিশালী বাতাসের কারণে দাবানল আরও ভয়াবহ হয়ে উঠছে।


