শর্ত মানলেই হরমুজ খুলবে, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা

শর্ত মানলেই হরমুজ খুলবে, যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা
২৮ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক শর্ত দিয়েছে ইরান। তেহরানের শর্তের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান এবং মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান।

মধ্যস্থতাকারী দেশগুলোর তৎপরতার পর হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে ইরান ও কাতারের মধ্যে আলোচনা হয়েছে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বৃহস্পতিবার তেহরান সফর করে আঞ্চলিক উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই জানিয়েছেন, হরমুজ পুনরায় খুলতে তেহরানের শর্তগুলো পূরণে ওয়াশিংটনকে আগে বাস্তব পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, মার্কিন নৌ অবরোধ বন্ধ এবং যুদ্ধের ক্ষতিপূরণের বিষয় রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর পাশাপাশি ইরান মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান এবং ভবিষ্যতে নতুন করে হামলা না হওয়ার নিশ্চয়তাও চাইছে। এর আগে তেহরান ইরানের আশপাশ থেকে মার্কিন সামরিক ও বিমানবাহিনী প্রত্যাহারের দাবিও জানিয়েছিল।

এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমানের মধ্যে আলাদা সমঝোতার উদ্যোগ চলছে। দুই দেশ একটি অস্থায়ী নৌ চলাচল করিডর এবং মাইন অপসারণ নিয়ে কাজ করছে। তবে এ উদ্যোগকে হরমুজ পুরোপুরি খুলে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখছে না তেহরান।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধের কারণে এ পথে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনায় হরমুজ খুলে দেওয়ার বিষয়টি এখন অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।