সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সরকারি নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের পর রাতের দিকে সহিংসতা ও দাঙ্গার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে হাজারো মানুষ দেশটির সংসদ ভবনের সামনে জড়ো হয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও বিভিন্ন সরকারি নীতি পরিবর্তনের দাবি জানান।
বিক্ষোভের শুরুতে পরিস্থিতি শান্ত থাকলেও গভীর রাতে একদল বিক্ষোভকারী রাস্তায় নেমে একটি পুলিশ পোস্ট ও দুটি মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী।
জাকার্তা পুলিশের মুখপাত্র বুদি হারমান্টো জানান, ভাঙচুর ও বিশৃঙ্খলা সমাজের স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। সহিংসতার ঘটনায় বৃহস্পতিবার অন্তত ৬৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে এয়ার গান, যোগাযোগের সরঞ্জাম ও ককটেল তৈরির উপকরণ উদ্ধারের দাবি করেছে পুলিশ।
বিক্ষোভের প্রভাব পড়েছে রাজধানীর যোগাযোগব্যবস্থাতেও। শুক্রবার জাকার্তার কয়েকটি কমিউটার রেল রুট সাময়িকভাবে বন্ধ বা পরিবর্তন করা হয়েছে। সংসদ ভবনের আশপাশের বেশ কিছু বাস রুট ও টোল রোডও বন্ধ রাখা হয়েছে।
গত বছরের প্রাণঘাতী দুর্নীতিবিরোধী আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে এবারের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সরকারি বিভিন্ন নীতি, বিশেষ করে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ব্যয়বহুল জনকল্যাণমূলক কর্মসূচির অর্থনৈতিক প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।
এদিকে বিক্ষোভকে প্রেসিডেন্ট প্রাবোওর সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি টেম্পো ম্যাগাজিনের এক জরিপে তার জনপ্রিয়তা কমে ৩৮ শতাংশে নেমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


