মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে ভারতের কড়া নজর

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে ভারতের কড়া নজর
২৮ আগস্ট ২০২৬

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, চুক্তির বর্তমান সদস্যরা বাংলাদেশকে যোগ দেওয়ার প্রস্তাব দিলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে ঢাকা। তবে এখনো বাংলাদেশকে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

বাংলাদেশের এমন অবস্থানের বিষয়ে শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে—এমন সব ধরনের উন্নয়ন ও ঘটনাবলির ওপর নয়াদিল্লি সার্বক্ষণিক নজর রাখে।

এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশের ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইসলামী দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি হলে তাতে অংশ নেওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এদিকে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে পাকিস্তানও ইতিবাচক অবস্থান জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আগ্রহ জানালে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।

গত ৭ আগস্ট মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, তিন সদস্যের কোনো একটি দেশ সশস্ত্র হামলার শিকার হলে সেটিকে সব সদস্যের বিরুদ্ধে হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ এই সামরিক জোটে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্কসহ চীন, যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ঢাকার কূটনৈতিক ভারসাম্য নতুন পরীক্ষার মুখে পড়তে পারে। বাংলাদেশের দীর্ঘদিনের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির জন্যও এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে।