নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, নিখোঁজ প্রায় দুই হাজার
হিমালয়কন্যা নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটিতে বন্যায় এখন পর্যন্ত অন্তত ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯২৪ জন।
শুক্রবার এক বিবৃতিতে হতাহত ও নিখোঁজের এই পরিসংখ্যান জানিয়েছে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ)।
জলবিদ্যুৎ প্রকল্পে বড় ক্ষতি
দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার সকালে পাহাড়ি নদীগুলোতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে যাওয়ার পর বিস্তীর্ণ এলাকা দ্রুত প্লাবিত হয়। তীব্র স্রোতে নদীতীরবর্তী বসতি, সড়ক ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিখোঁজদের বড় একটি অংশ নদীসংলগ্ন এলাকায় বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। তাদের মধ্যে ৯৩৩ জন জলবিদ্যুৎ প্রকল্পের শ্রমিক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢল ও নদীর প্রবল স্রোতে বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীরা নিখোঁজ হন।
নিখোঁজের তালিকায় ৫১৭ বিদেশি
বন্যায় নিখোঁজ ব্যক্তিদের তালিকায় ৫১৭ জন বিদেশি নাগরিকও রয়েছেন। তাদের মধ্যে অনেকে পর্যটক হিসেবে নেপালে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
বন্যার পানিতে নদীর দুই পাশের বসতি ও যোগাযোগব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান
নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো যৌথভাবে অভিযান চালাচ্ছে। দুর্গম পাহাড়ি ভূখণ্ড এবং ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগের কারণে উদ্ধারকারী দলকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধান ও দুর্গত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে বন্যার পানি ও পাহাড়ি অঞ্চলের প্রতিকূল পরিস্থিতির কারণে হতাহত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


