বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল মালয়েশিয়ার
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) দেওয়ার ক্ষেত্রে নতুন নীতি কার্যকর করেছে মালয়েশিয়া। এর ফলে সাধারণ পর্যটন বা সামাজিক সফরের জন্য বাংলাদেশি নাগরিকদের এক বছরের এমইভি পাওয়ার সুযোগ সীমিত হয়ে গেছে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে সব দেশের নাগরিককে নিয়মিতভাবে এমইভি দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট ভ্রমণ উদ্দেশ্য থাকলেই এ ধরনের ভিসা দেওয়ার বিধান রাখা হয়েছে।
নতুন নীতিতে ব্যবসায়িক সফর, চিকিৎসা, উড়োজাহাজ ও নৌভ্রমণের সমন্বিত ভ্রমণ এবং বিয়েকেন্দ্রিক পর্যটনের মতো নির্দিষ্ট উদ্দেশ্যে এমইভির সুযোগ রাখা হয়েছে। তবে সাধারণ বেড়ানো বা সামাজিক সফরের ক্ষেত্রে বাংলাদেশি পর্যটকদের সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরিবর্তন শুধু ভিজিট বা সামাজিক ভ্রমণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। দেশটিতে কর্মরত বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের কর্মসংস্থানসংক্রান্ত ভিসা বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না।
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৩১ দেশের নাগরিকদের জন্য এমইভি প্রদানের ক্ষেত্রে নতুন এ বিধিনিষেধের বিষয়টি জানানো হয়েছে।


