নেপালে ১০ বাংলাদেশি গ্রেফতার
নেপালে সন্দেহজনক কর্মকাণ্ড ও ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর পর্যটন এলাকা থামেলের তিনটি হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের নেপালের অভিবাসন দফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেপালি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে থামেলের ২৬ নম্বর ওয়ার্ডের হোটেল ঢাকা এক্সপ্রেস, হোটেল দি ভেদা ও হোটেল আল-রহমানে অভিযান চালানো হয়। এলাকায় কয়েকজন বাংলাদেশির বিশৃঙ্খল আচরণ ও সন্দেহজনক তৎপরতার খবর পাওয়ার পর পুলিশ এ অভিযান চালায় বলে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফাহিমা আক্তার হাসান (৪৬), মাহমুদ (৪৮), মাহবুব হাসান (৪৫), রিপন মাহমুদ (৪৯), মো. কারামত আলী খান (৩০), সাইদুর রহমান (৩০), মো. খলিলুর রহমান (৫০), আরিফুর রহমান (২৮), মো. মারুফ মৃধা (৪২) ও মোহাম্মদ হানিফ মিয়া (৬৪)।
পুলিশ জানিয়েছে, তাদের সঙ্গে থাকা খাতুনে জান্নাত নামে এক নারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নেপালের অভিবাসন দফতরের পরিচালক তিকারাম ঢাকাল জানান, আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তারদের মধ্যে অন্তত একজন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও নেপালে অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, অন্য ব্যক্তিরা কী উদ্দেশ্যে নেপালে অবস্থান করছিলেন এবং কী ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তদন্তকারীরা মানব পাচার, চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা কিংবা অবৈধ অর্থ লেনদেনের কোনো চক্রের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন।
তদন্ত শেষে অভিযোগের ধরন ও প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ড অথবা নিজ দেশে ফেরত পাঠানোর মতো ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


