নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা
ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) দ্রুত বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, ২০২৯ সালের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শাসনে থাকা ২১টি রাজ্যেই অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা সম্ভব হবে।
রোববার অমিত শাহ বলেন, ইতোমধ্যে কয়েকটি রাজ্যে ইউসিসি চালু করা হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে এনডিএ শাসিত বাকি রাজ্যগুলোতেও এই আইন বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
ভারতে বর্তমানে ফৌজদারি আইন সবার জন্য অভিন্ন হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকারসহ বিভিন্ন ব্যক্তিগত বিষয়ে ধর্ম ও সম্প্রদায়ভেদে পৃথক আইন ও রীতিনীতি অনুসরণ করা হয়। এসব ব্যক্তিগত আইনকে একীভূত করে সবার জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গীকার।
তবে ইউসিসি বাস্তবায়নের উদ্যোগকে ঘিরে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে ধর্মীয় রীতিনীতি ও ব্যক্তিগত আইনের ওপর প্রভাব পড়তে পারে এবং ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।
অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, এই আইন কার্যকর হলে বহুবিবাহের মতো প্রথা বন্ধ করা সম্ভব হবে। পাশাপাশি সম্পত্তির ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করা এবং বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে মুসলিম নারীদের আইনি সুরক্ষা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হলেও দেশটিতে প্রায় ২২ কোটি মুসলিমের বসবাস। জনসংখ্যার বিচারে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনগোষ্ঠী রয়েছে দেশটিতে। ফলে ব্যক্তিগত আইন সংস্কারের যেকোনো উদ্যোগই ভারতের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব বহন করে।


