দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে নৌকা দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পানিতে ডুবে মারা যান বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানান, ‘দিয়ু সে কাশে’ নামের একটি ধাতব নৌকা রাজধানী কিনশাসা থেকে যাওয়ার সময় ‘এইচবি সুপার ভিক্টোর’ নামের একটি কাঠের নৌকার সঙ্গে ধাক্কা খায়। দ্বিতীয় নৌকাটি বাসিঙ্গা থেকে আসছিল।
সংঘর্ষের পর দুই নৌকার প্রায় সব যাত্রী পানির নিচে আটকা পড়েন এবং একটি নৌকা ডুবে যায়। দুর্ঘটনায় নিহতদের ইতোমধ্যে দাফন করা হয়েছে বলে জানান মন্ত্রী।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে স্থানীয় কর্মকর্তারা জানান, ডিআর কঙ্গোতে রাতের বেলায় নৌযান চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মীর দাবি, কিনশাসা থেকে আসা নৌকাটিতে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।
ডিআর কঙ্গোতে নৌদুর্ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, রাতে নৌযাত্রা, দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং প্রত্যন্ত এলাকায় পর্যাপ্ত নৌ-অবকাঠামোর অভাবকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এর আগে গত জুলাইয়ে কাসাই প্রদেশে সরকারি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল।


