এবার আটক ককরোচ নেতা অভিজিৎ দিপকে
ভারতের দিল্লিতে জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার আগেই বিমান থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর পুলিশের একটি দল বিমানে উঠে তাকে আটক করে। এ সময় দলের আরও দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকাকেও আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আটকের ঘটনাটি তুলে ধরেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দিল্লি পুলিশের সদস্যরা বিমানের ভেতরে প্রবেশ করছেন। এ সময় যাত্রীদের মধ্যে হইচই শুরু হয় এবং সিজেপি সদস্যদের সঙ্গে পুলিশ সদস্যদের কথা-কাটাকাটি হয়।
ভিডিওতে অভিজিৎ দিপকেকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, যাত্রীরা বিমান থেকে নেমে যাওয়ার পর পুলিশ তাদের আটক করতে পারত। এ সময় তিনি বলেন, ‘আপনারা আমাদের গ্রেপ্তার করতে পারতেন। আমরা ভয় পাই না।’
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনের কথা ছিল সিজেপির। কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার এবং বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অভিজিৎ দিপকে ও তার দুই সহযোগীকে আটকের নির্দিষ্ট কারণ সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।


