মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল

মোদির পতন দেখার অপেক্ষায় আছি: আসিফ নজরুল
১০ অক্টোবর ২০২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক পতন দেখার অপেক্ষায় রয়েছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল। মোদির নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থান নিয়ে নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে শনিবার (১০ অক্টোবর) ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘তেলাপোকাদের কামড়ে মোদি দিশেহারা। মনে হয় না টিকতে পারবে বেশিদিন।’

মোদির রাজনৈতিক পতন হলে ভারতের রাজনীতি ও সমাজে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সে বিষয়েও নিজের ধারণা তুলে ধরেন তিনি। তাঁর মতে, মোদির পতন হলে ভারতে কিছু পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বিশেষ করে মুসলিমবিদ্বেষী রাজনীতির প্রভাব কমতে পারে এবং সামাজিক বৈষম্যও কিছুটা হ্রাস পেতে পারে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আন্তর্জাতিক রাজনীতির প্রসঙ্গ টেনে আসিফ নজরুল বলেন, মোদির পতন হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন ঘনিষ্ঠ মিত্রকে হারাতে পারেন। এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নেতানিয়াহুর অবস্থানেও প্রভাব পড়তে পারে বলে তিনি মনে করেন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গেও নিজের অবস্থান তুলে ধরেন সাবেক এই আইন উপদেষ্টা। তাঁর দাবি, মোদি ও তাঁর রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মোদির রাজনৈতিক পতন হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা কিছুটা সান্ত্বনা পেতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষাংশে আসিফ নজরুল লেখেন, ‘মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও।’

আসিফ নজরুলের এই বক্তব্যে ভারতের বর্তমান নেতৃত্ব, ধর্মভিত্তিক রাজনীতি এবং বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে তাঁর ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান প্রতিফলিত হয়েছে। তবে মোদির রাজনৈতিক ভবিষ্যৎ বা সম্ভাব্য পরিবর্তন নিয়ে তাঁর মন্তব্যগুলো ব্যক্তিগত মূল্যায়ন, নিশ্চিত কোনো রাজনৈতিক পরিণতির পূর্বাভাস নয়।