বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি
ভারতের দিল্লিতে বিক্ষোভ চলার মধ্যেই চেন্নাই সফরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে পৌঁছে ১৩ হাজার কোটি রুপির বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একাধিক প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
রোববার সকাল ১১টার মধ্যে চেন্নাই বিমানবন্দরে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়।
বিমানবন্দর থেকে বেরিয়ে সংক্ষিপ্ত রোড শো করেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরের কাছে ব্যারিকেডের পেছনে দাঁড়িয়ে থাকা বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
মোদির গাড়িবহর বিমানবন্দর ছেড়ে যাওয়ার সময় সড়কের দুই পাশে অপেক্ষমাণ বিজেপি কর্মী-সমর্থকেরা স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁদের কণ্ঠে শোনা যায় ‘ভারত মাতা কি জয়’ স্লোগান।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিমানবন্দরের আশপাশের সড়কের নির্ধারিত স্থানে ঐতিহ্যবাহী নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তামিলনাড়ু বিজেপি।
চেন্নাই সফরে মোদির আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির মধ্যে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।


