ইউআইইউ শিক্ষার্থীদের আন্দোলন: বলপ্রয়োগ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিএমপি
ঢাকার নতুনবাজার এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের চলমান আন্দোলনে পুলিশের শান্তিপূর্ণ হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো বলপ্রয়োগ ছাড়াই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেষ্টার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানাধীন মাদানী এভিনিউর নতুনবাজার মোড়ে ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী অবস্থান নেন। বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করলে যান চলাচলে বিঘ্ন ঘটে।
শুরু থেকেই দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেন এবং রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু আন্দোলনকারীরা অবস্থান না ছাড়ায় সকাল সাড়ে ১০টার দিকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
তালেবুর রহমান জানান, “আমরা প্রথম থেকে চেষ্টা করেছি আলোচনার মাধ্যমে সমাধান করতে। কোথাও বলপ্রয়োগ করা হয়নি। যান চলাচলের স্বার্থে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়।”
সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সকাল ১০টা ৪৫ মিনিটে শিক্ষার্থীরা আবারও সড়কে ফিরে আসেন। পরিস্থিতি পুনরায় উত্তপ্ত হলেও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রয়েছে।
ডিএমপি দাবি করেছে, কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।
তালেবুর রহমান আরও বলেন, “বাড্ডা-কুড়িল রোডের এক পাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।”


