সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
রাষ্ট্রদ্রোহ ও নির্বাচন প্রহসনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার এই আদেশ দেন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। তবে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
গত ২৩ জুন একই মামলায় সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। ২৫ জুন এ মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ যুক্ত করা হয়েছে।
বিএনপি বাদী হয়ে অভিযোগ করেন, নির্বাচনের সময়ে ভয়-ভীতি দেখিয়ে এবং ভোটারদের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এছাড়া নির্বাচনে আইনগত অনিয়ম ও সংবিধান লঙ্ঘনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার তদন্তে ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিং অফিসারসহ স্থানীয় ভোটার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সত্য উদঘাটনে কাজ করা হবে বলে জানানো হয়েছে।


