রাজধানীতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বুয়েটের তৈরি ই-রিকশা, শুরু পল্টন-ধানমন্ডি-উত্তরায়

জাতীয়
রাজধানীতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বুয়েটের তৈরি ই-রিকশা, শুরু পল্টন-ধানমন্ডি-উত্তরায়
নিউজ ডেস্ক
২৮ জুন ২০২৫

ঢাকার রাস্তায় নতুনত্ব আনতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। পরীক্ষামূলকভাবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উদ্ভাবিত ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা। শনিবার (২৮ জুন) নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ঘোষণা দেন।

ডিএনসিসি আয়োজিত অটোরিকশা চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “এই প্রকল্পের মাধ্যমে রিকশা চলাচলে শৃঙ্খলা আসবে। এলাকাভিত্তিক নির্ধারিত সংখ্যক রিকশা চলবে, যাতে যানজট না বাড়ে এবং চালকরাও হয়রানির শিকার না হন।”

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আগস্টের শুরু থেকে নতুন এসব ই-রিকশা সড়কে নামবে। প্রাথমিকভাবে এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স প্রদান করা হবে। তিনি আরও বলেন, “আমরা চার্জিং পয়েন্ট স্থাপনের বিষয়েও কাজ করছি, যেন অনুমোদিত স্থানেই রিকশাগুলো চার্জ হয় এবং বিদ্যুৎ ব্যবস্থায় চাপ না পড়ে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এই উদ্যোগ রাজধানীর গণপরিবহন খাতে পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর সমাধানের দিকে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য এলাকাতেও সম্প্রসারিত হবে এই উদ্যোগ।