২০ বছর পর মুক্তি পেলেন ৫৬ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি

জাতীয়
২০ বছর পর মুক্তি পেলেন ৫৬ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫

দীর্ঘ দুই দশক কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন ৫৬ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি। ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী সরকারের দেওয়া বিশেষ ক্ষমতাবলে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, “যেসব বন্দি যাবজ্জীবন সাজা প্রাপ্ত এবং রেয়াতসহ অন্তত ২০ বছর কারাভোগ করেছেন, তাদের মধ্যে ৫৬ জনের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সদাশয় সরকার। কারা বিধির ৫৬৯ ধারা অনুসারে এবং সরকারের বিবেচনায় তাদের সাজা মওকুফ করা হয়েছে।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তবে কারা অধিদপ্তর এখনও মুক্তিপ্রাপ্তদের পরিচয়, অপরাধ বা তাদের বন্দিদশার বিবরণ প্রকাশ করেনি।

বিশ্লেষকদের মতে, এটি সরকারের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যেখানে দীর্ঘদিন ধরে সাজার আওতায় থাকা ব্যক্তিদের সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্ত যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে কার্যকর হয়—সে বিষয়ে উদ্বেগও আছে।

এদিকে, মানবাধিকারকর্মীরা বলছেন, দীর্ঘমেয়াদি সাজাভোগের পর এই ধরনের সিদ্ধান্ত বন্দিদের পুনর্বাসনের পথ খুলে দিতে পারে, তবে নজরদারি ও মনিটরিং প্রক্রিয়াকে আরও জোরদার করা দরকার।