দেশে জঙ্গির শঙ্কা নেই, নিরাপত্তা হুমকি এখন ছিনতাইকারীরা: ডিএমপি কমিশনার

জাতীয়
দেশে জঙ্গির শঙ্কা নেই, নিরাপত্তা হুমকি এখন ছিনতাইকারীরা: ডিএমপি কমিশনার
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, “বর্তমানে বাংলাদেশে সক্রিয় কোনো জঙ্গি সংগঠন নেই। বরং নগরবাসীর জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে ছিনতাইকারীরা।”

মঙ্গলবার (১ জুলাই) গুলশানের হলি আর্টিজান বেকারিতে ২০১৬ সালের জঙ্গি হামলার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, “জঙ্গিবাদ এখন আর দেশের প্রধান নিরাপত্তা হুমকি নয়। আমরা এটি সফলভাবে নিয়ন্ত্রণে এনেছি। তবে এখন বড় সমস্যা ছিনতাই। আমাদের প্রধান লক্ষ্য হলো নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাই দমন।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাংবাদিকদের এক প্রশ্নে, হলি আর্টিজান হামলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে না বললেও, কমিশনার বলেন, “ঘটনাটি সম্পর্কে আমার জানা নেই। তবে বর্তমানে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই। আমরা নজরদারি করছি, পরিস্থিতি বদলালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, এবার হলি আর্টিজান হামলার স্মরণে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি রাখা হয়নি বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. তালেবুর রহমান। প্রতি বছর হামলায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে নির্মিত ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হলেও এবার তা হয়নি।

২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২০ জন বিদেশিসহ মোট ২২ জন নিহত হন। হামলার দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস।

বিশেষজ্ঞদের মতে, জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও, সুশৃঙ্খল গোয়েন্দা তৎপরতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয়তায় বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে। তবে ছিনতাই ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ এখন রাজধানীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।