নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী, শুধু অপেক্ষা নির্দেশনার: কর্নেল শফিকুল
সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা প্রস্তুত, আর যদি নির্বাচন কমিশন (ইসি) থেকে নির্দেশ আসে—তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেও তারা সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে বনানীর সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কর্নেল শফিকুল জানান, গত দুই সপ্তাহে ২৬টি অবৈধ অস্ত্র এবং ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ছাড়া চট্টগ্রামে ১৩টি আগ্নেয়াস্ত্রসহ ২৩ জন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে।
তিনি বলেন,
“৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত চার শতাধিক কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পাহাড়ি এলাকায়ও শান্তি রক্ষায় বিশেষ অভিযান চালানো হয়েছে।”
সাম্প্রতিক অভিযানের মাধ্যমে ৮০ শতাংশ অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে বলে দাবি করে কর্নেল শফিকুল বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে। যেকোনো অপ্রীতিকর ঘটনার বিপরীতে সেনাবাহিনী দ্রুত ও কঠোর পদক্ষেপ নিচ্ছে।”
সম্প্রতি আলোচনায় থাকা গুম ইস্যু নিয়েও স্পষ্ট বার্তা দেন কর্নেল শফিকুল। তার ভাষায়,
“কোনো সেনাসদস্য যদি গুমের সঙ্গে জড়িত থাকে এবং তদন্তে দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সেনাবাহিনীর নীতিগত অবস্থান অত্যন্ত কঠোর।”
নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়নি। তবে সম্ভাব্য নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সেনাবাহিনীর এমন অবস্থান রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


